বহুদিন পর আজ বাঁ দিকে ঘুরেছিলাম
হোক না অজান্তেই!!
সামনে এক দীর্ঘকার ছায়া
ঠাঁই দাঁড়িয়ে ছিল,পরিত্যক্ত নীলকুঠির ন্যায়।
বহুকষ্টে পেরিয়ে এসেছি কাঙ্খিত পথ
জুতোর তলায় সেঁটে যাওয়া ধুলোবালি
জোঁকের মত আঁকড়ে ধরেছিল
যেমন শতাব্দী পুরনো মোনালিসার দুষ্প্রাপ্য চিত্র
বুকের মাঝে আঁকড়ে রাখে।
ধুলো...মাটি... ধোঁয়া আর সুর..
বড়ই একা….একাকি
সুযোগ বুঝে সকলেই ঝেড়ে ফেলে দেয়।
শব্দের ঠেলাঠেলি, চাপাচাপিতে
একটু একটু করে নড়ছিল পুরো ঘরদোর
ভূমিকম্প ভেবে অনেকেই আশ্রয় নেয় পথে
পরে কিঞ্চিৎ ভুলের খেসারত দিয়ে ফিরে এসেছে।
পড়ে থাকা পুরনো শব্দ থেকে ঝরছিল হলুদ পানীয়
সত্য ও মিথ্যার মন্থনের রস!!
অমরত্বের লোভে পান করেছিল কেউ কেউ।
সত্যের পথে ফিরে আসা কি সত্যিই সম্ভব?
বিনা দ্বিধায়, নির্ভয়-নিডর.....।
দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিল "ফিরে আসা" শব্দের দল
তাদের আলতো টোকায় কি খুলবে বন্ধ কপাট?
ধরে নিলাম খুলেই যায়..........
তবে তারা কি প্ৰবেশ করবে স্বেচ্ছায়!!
না অপেক্ষায় থাকবে সাদর অর্ভ্যথনার।।
