ছোট গল্প : রম্য রচনা
#ব্যতিক্রমী_ঘর_জামাই
◆◆◆●●
অধীর বহুদিন পর ব্যাডমিন্টন খেলতে এসেছে, বন্ধুরা খুব খুশি।
এক বন্ধু টিটকারি মেরে বলল -আজ সুর্য পুবে উঠেছে না পছিমে?
অধীরের মেজাজটাই খিঁচড়ে গেল, রাকেট ছেড়ে বসে পড়ল। বন্ধুরা সবাই মিলে ঘিরে ফেললো, দ্যাখ অধীর তুই ঠিক করছিস না।
আর তোরা? জানিস তো আমি বিবাহিত। ভেবে চিন্তে সব কিছু সামাল দিতে হয়।
অন্য এক বন্ধু বলল, আমরা কি বউদের হিমালয়ে ছেড়ে এসেছি? এতদিন পর খেলতে এসেছিল বলেই তো একটু হাসিঠাট্টা করছি, আর তুই মুখ ভার করছিস।
মন কেন খারাপ, বৌদি কি বাপের বাড়িতে নাকি?
হ্যাঁ, বাপের বাড়িতে!!! যতসব।
নতুন ফ্ল্যাট দেখবে বলে গুষ্টিসুদ্ধ বেড়াতে এসেছে, আমি ভাবলাম দু-একদিনের ব্যাপার, চলে যাবে।
আজ এক মাস ধরে বসে আছে, যাওয়ার নামগন্ধ নেই।
আচ্ছা......….!
ভুলে গেছি আমি কে? নিজের ফ্ল্যাটে আছি না শশুরের।
ইদানীং কমপ্লেক্সের লোকজন, চা ওয়ালা, সবজি ওয়ালা থেকে সকলেই আমাকে ঘর জামাই ভাবতে শুরু করেছে!! এইতো দুদিন আগে পেপার ওয়ালা বলল দাদা, আপনার শশুর হেব্বি পার্টি মাইরি, এতবড় ফ্ল্যাট গিফ্ট করেছে!! ননীর চায়ের দোকানে আড্ডাবাজ কাকুদের নিত্য বাঁকা বাঁকা মন্তব্য আর ভাল্লাগে না, ঘেন্না ধরে গেছে!!
ঠিক বলেছিস বন্ধু, যুগ খুব খারাপ, তদুপরি কলকাতা শহর, তোর গ্রামের বাড়ি হলে সমস্যা ছিল না.....। কজনকে ধরে ধরে বলবি এটা তোরই ফ্ল্যাট। এক কাজ কর, গেটের সামনে বড়সড়ো একটা পোস্টার লাগিয়ে দে!!!
বন্ধুরা অট্টহাসিতে ফেটে পড়ল।
