ইদানিং আমিও দিনকে খুব চালাক ভাবি!
তার চতুরতায় কেটে যায় প্রতিটি ক্ষণ।
কিন্তু সত্যকেও অস্বীকার করা যায় না,
আমার দৃঢ় বিশ্বাস 'দিন',আসলে সহজ-সরল...
একেবারেই বোকা-হাবাগোবা।
আর সন্ধ্যা!
আমার কল্পনার ঠিক উল্টোটা!!
আকাশের ক্যানভাসে যেন গোধূলি রঙের খেলা,
ভরে ওঠে মন এক অজানা ভালোলাগায়।
সন্ধ্যা, আসলেই ক্ষণিকের সেই অতিথি,
কখনও কখনও মনে হয় অমোঘ মায়া,
না বলা কথার নিঃশব্দ নিরসতা,
তবুও আত্মসমর্পণ করি তার সরলতায়!!
অনেক বুঝিয়েছি, ফন্দিফিকিরও এঁটেছি
কিন্তু সন্ধ্যার নিরসতা, সস্থানে ঠাঁই দাঁড়িয়ে।
হতাশ হয়েই একদিন বুঝতে পারি,
সন্ধ্যারও হয়তো আছে অল্পবিস্তর কিছু সমস্যা।
আমরা বোকার দল!
সেই সন্ধ্যাকে ঠাঁই দিই, হৃদয়ের মধ্যিখানে!!
যুগ যুগ ধরে চলছে একই ভুলের পুনরাবৃত্তি...….
অজান্তেই নিরসতার সাথে খেলি।
নিরসতার এক নিজস্বতা আছে,
নিজস্ব সুখও আছে!
যেমন কারও সর্বনাশ দেখার মত সুখ।
দন্ডপ্রতাপ তেজস্বী সূর্যটা
যার প্রখরতায় ছাই হয় দিনের অহংকার
কিন্তু যখনই ঢলে পড়ে পছিমের আকাশে
হার মানে সেই গোধূলি সন্ধ্যার কাছে
আকাশটাও যেন ঈষৎ হেসে ওঠে।
সন্ধ্যার স্নিগ্ধতা আর অনুভূতিগুলো
সুখ দেয় মনে, হাঁটতে ইচ্ছে এক নতুন স্বপ্নের হাত ধরে
তার নীরবতা যেন ক্লান্ত হৃদয়ে, শান্তির ছোঁয়া
আপ্লুত হয়ে জড়িয়ে ধরি বুকের মাঝে।
ঈর্শান্বিত, কুচুটে "দিন".....
সন্ধাকে ঘাড় ধাক্কা দিয়ে বেঘর করে...
স্থান-কাল, পাত্র-ক্ষণের তোয়াক্কা না করেই....।।
আর বাধ্য হয়েই সন্ধ্যা "রাতের" শিকল খটখটায়
তবুও ঠাঁই মেলে না "রাতের" আলিশান মহলে।
ইর্ষাপরায়ণ. মায়াবী....রাত
সেও সন্ধ্যাকে বঞ্চিত রাখে,
ছোট-বড় সব স্বপ্ন দেখা থেকে!
বেচারী সন্ধ্যা!! "না দিনের না রাতের"
শুধুই এক গল্পগাথা...-- এক সন্ধিক্ষণের
দিনের চালাকি আর রাতের উৎপীড়নের!!
