আমার মনের হিজলের শাখা থেকে
মুক্ত করে দিলাম ক্লান্ত পাখিটিকে
চিরকালের জন্য, উড়িয়ে মুক্ত আকাশে।

মায়ার খাঁচায় বন্দী রেখে
অনুক্ষণ মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলাম
এক ফোঁটা অমৃত ঢেলে প্রাণসঞ্চার করলাম।

আমার মনের চাবি, সামনেই পড়ে আছে
তবুও অনুক্ষণ ভাবি কি যেন হারিয়েছে
অন্ধের মতো দিশাহারা ঘুরি ফিরি।

মনের জানালা খুলে উঁকি দিয়ে খুঁজি
হৃদয়ের শাঁখা খুলে নির্বাক দাঁড়িয়ে থাকি
যদি ফিরে আসে বাঁধনহীন পাখি।

ইদানিং ভেংচি কাটে হলুদবসন্ত পাখিটি
বসন্তের বাতাস মাধবীলতার মতো দোল দিয়ে
উত্তরের জানালা দিয়ে যায় বেরিয়ে।

কপালে জমে বিন্দু বিন্দু ঘাম
পলকে কোথায় যেন হারিয়ে যায়
মিচকে শয়তানের মতো প্রতিনিয়ত ঢুঁ মারি।

যদি সে ফিরে আসে মনের হিজলে!
সব ক্লান্তি সুখ দূরে ঠেলে,
দেরী হবে না স্বাদর বরণে!!